মৌরলা মাছ কোথায় থাকে? উ : মৌরালা মাছ মিষ্টি জলে বাস করে অর্থাৎ পুকুর, বিল, নদী ইত্যাদি জায়গায়। এ ছাড়া মাঠের কম জলেও মৌরলা মাছ জন্মায়। মৌরলা মাছ চাষ করলে সর্বোচ্চ কত ওজন হয় ও কত বড় হয়? উ : মৌরালা মাছ সর্বোচ্চ ৪ থেকে ১০ গ্রাম ওজন এবং লম্বা ৭ থেকে ৮ সেন্টি মিটার হয়ে থাকে। মৌরলা মাছের পুষ্টিগুণ কেমন? উ : স্বাদে ও পুষ্টিগুণে মৌরলা মাছ যথেষ্ট উৎকৃষ্ট। এতে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন। ভিটামিনের পরিমাণও বড় মাছের তুলনায় বেশি। মৌরলা মাছ কোথায় চাষ হয়? উ : পুকুর, বিল, অগভীর জলায়। মৌরলা মাছের খাদ্যাভাস কী? উ : ছোট ছোট শ্যাওলা মৌরলা মাছের সব থেকে পছন্দের খাদ্য। এ ছাড়াও পচা উদ্ভিদ, ছোট প্রাণীকণা, সম্ভব হলে চালের কুঁড়ো বা গমের ভূষি, বাদাম খইল ১ : ১ (অনুপাতে) দেওয়া যেতে পারে। মৌরলা মাছের প্রজননের সময় কখন? উ : মে থেকে জুন পর্যন্ত মৌরলা মাছ প্রাকৃতিক পরিবেশে পুকুরে, নালায়, খালে, বিলে ও নদীতে (প্রজনন করে) ডিম পাড়ে। মৌরলা মাছ কত বড় হলে প্রজননের উপযোগী হয়? উ : চার থেকে পাঁচ সেমি লম্বা হলে মৌরলা মাছের প্রজনন হয় পুকুরে। স্ত্রী মাছ পুরুষ মাছের চেয়ে একটু চওড়া হয়। মৌরলা মাছের প্রজননের সময় কী সতর্কতা নিতে হবে? উ : মৌরালা মাছের প্রজননের সময় জলের পরিবেশ যেন দূষিত না হয়। কীটনাশক ওষুধ সাবধানে ব্যবহার করতে হবে। অন্য মাছ ধরার সময় যেন এ মাছ নষ্ট না হয় সে দিকে নজর রাখতে হবে। মৌরালা মাছের প্রজননের সময় কী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে? উ : গ্রীষ্মের শুরুতেই আগাছা পরিষ্কার করতে হবে। বিঘা প্রতি ২৫ থেকে ৩০ কেজি চুন ছড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং রোদে ফেলে রাখতে হবে। বৃষ্টি হলেই জমা জলে পর পর জাল টেনে অবাঞ্ছিত মাছ খোকা মাছ ও পোকামাকড় তুলে ফেলতে হবে। এর জন্য বিষ প্রয়োগ না করাই উচিত। পুকুর তৈরি করতে কী কী সার দিতে হবে? উ : বিঘা প্রতি ৪০০ থেকে ৫০০ কোজি পচা গোবর সার অথবা ১০০ থেকে ১২৫ কেজি পচা পোলট্রির বর্জ্য ছিটিয়ে দিতে হবে এবং ৩ থেকে ৪ দিনের মধ্যে মাছের প্রাকৃতিক অনুখাদ্য তৈরি হবে। কতটা প্রজননক্ষম মাছ এবং কী অনুপাতে পুরুষ মৌরালা মাছ পুকুরে ছাড়তে হবে? উ : বিঘা প্রতি ২৩০ থেকে ২৫০টি প্রজননক্ষম স্ত্রী ও পুরুষ মাছ ১ : ১ অনুপাতে ছেড়ে দিতে হবে। মৌরালা মাছের বীজ বিঘা প্রতি কত সংখ্যায় মজুত করতে হবে? উ : যে জলাশয়ে মৌরালা বীজ উত্পাদিত হবে সেখানে শুধু মৌরালা মাছের চাষ কিংবা এই মাছের সঙ্গে রুই, কাতলা, মৃগেল মাছ ছেড়ে মিশ্র চাষ করা যেতে পারে। মিশ্র চাষে মৌরালা মাছের বীজের বয়স ১ মাস হলেই বিঘা প্রতি ৪০০০ থেকে ৫০০০টি বীজপোনা ছাড়া যেতে পারে। মৌরালা মাছের চাষে কী জাতীয় পরিপূরক খাদ্য দিতে হবে? উ : মাছের সঠিক বৃদ্ধির জন্য পরিপূরক খাদ্য হিসাবে অতি মিহি চালের কুঁড়ো বা গমের ভূষি ও সরষের খইল বা বাদাম খইল ১ : ১ অনুপাতে ৩ % (দেহের ওজনের হিসাবে) করে প্রতি দিন খেতে দেওয়া যেতে পারে। চার দফায় রোজ ১০০ গ্রাম করে প্রথম ১৫ দিন, ১৫০ গ্রাম করে তার পরের ১৫ দিন, ২৫০ গ্রাম করে তার পরের ৩০ দিন এবং তার পরের ৬০ দিন রোজ ২৫০ গ্রাম করে পরিপূরক খাদ্য দেওয়ার দরকার। জলে বেশি পরিমাণে উদ্ভিদকণা এবং প্রাণীকণা থাকলে পরিপূরক খাবার দেওয়া দরকার নেই। এই মাছ চাষে উত্পাদন কত হবে? উ : ৭ থেকে ৮ মাসে মৌরলা মাছ চাষে বিঘা প্রতি একক ভাবে ৮০ থেকে ১০০ কেজি ফলন পাওয়া যায়। মিশ্র চাষের ক্ষেত্রে বিঘা প্রতি ৪৫ থেকে ৬০ কেজি মৌরালা মাছ এবং ৩০০ থেকে ৩৬০ কেজি বড় জাতের মাছের (পোনা) ফলন পাওয়া যেতে পারে।